Sunday, March 10, 2019

রমজানে প্রার্থনা-৩

   (রমজানের সৌজন্যে প্রার্থনা--৩)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তুমি স্রষ্টা, তুমি দ্রষ্টা
তুমি মহীয়ান,
তোমায় নিয়ে যেন আমার
নিত্য থাকে ধ্যান।
কবুল করো এ প্রার্থনা ওহে রহমান।।

সত্য সংগ্রাম  করতে যেন
ভয় করি না কভু,
ধরার মোহে আমি যেন
খাইনা হাবুডুবু।
চলি যেন সরলপথে গেয়ে সত্যের গান-
কবুল করো এ প্রার্থনা ওহে রহমান।।

সৃষ্টির সেরা থাকি যেন
মেনে তোমার বিধি,
হতে যেন পারি তোমার
সঠিক প্রতিনিধি।
অন্ধকারে পারি যেন করতে আলো দান-
কবুল করো এ প্রার্থনা ওহে রহমান।।

হিংসা বিদ্বেষ লোভ লালসার
উর্ধ্বে যেন থাকি,
মানবতার সেবায় যেন
দিইনা কভু ফাঁকি।
সবার সুখ ও দুঃখের ভাগটা নিই যেন সমান-
কবুল করো এ প্রার্থনা ওহে রহমান।।

.

Saturday, March 9, 2019

রমজানে প্রার্থনা-২১

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২১

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ওহে বিশ্বের মালিক তোমার
বাণী আল-কোরআন,
ধরায় মানি তোমার বাণী
আমরা মুসলমান।
ওহে বিশ্বের মালিক তোমার বাণী আল-কোরআন।।

আমরা হলাম তোমার বান্দা

 যাচি তোমার কাছে,

এ ধরাতে সর্বপ্রাণী
তোমার দানে বাঁচে।
তাইতো তুমি দয়াল- দাতা , রহিম ও রাহমান, 
ওহে বিশ্বের মালিক তোমার বাণী আল-কোরআন।।

এ পৃথিবীর পঙ্কিলতায়
মানলে তোমার বাণী
সুন্দর এবং মধুময় হয়
মানব জীবনখানি।
শক্তি দাও রব কায়েম করতে কোরআনের বিধান,
ওহে বিশ্বের মালিক তোমার বাণী আল-কোরান।।

প্রভু তোমার দরবারে চাই
তুলে খালি হাত,
এ কালে সৎ জীবনযাপন
সেকালে নাজাত।
তোমার সঠিক বান্দা হওয়ার দাও দৃঢ় ঈমান,
ওহে বিশ্বের মালিক তোমার বাণী আল-কোরআন।।

                     ...... 

নারীর স্থান

         নারীর স্থান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

করুণায় নারী, কোমলতায় নারী
       নারী প্রেরণা দানে,
মাতৃত্বে নারী, সেবায়, নারী
       নারী হৃদয়ের টানে-
কে বলে ভাই পায় না কদর, নারী কোনোখানে?

ঘরে নারী, বাইরে নারী,
    নারী উন্নয়নে,
গীতিতে নারী, নৃত্যে নারী
    নারী আপ্যায়নে-
তবুও কেন নিম্নে নারী, বলে সর্বজনে?

কর্মে নারী, সৃজনে নারী
       নারী বিজ্ঞাপনে,
বরণে নারী, বিদায়ে নারী
        নারী বিনোদনে।
বল বঙ্গে আর কি থাকবে নারীর উন্নেয়নে?

সুখে নারী, দুঃখে নারী
      নারী শক্তি দানে,

শয়নে নারী, স্বপনে নারী

    নারী সঙ্গদানে।

দেখাও বঙ্গে নারী কোথায় আছে অযতনে?

দপ্তরে নারী, আদালতে নারী
        নারী অভিযানে,
কৃষিতে নারী, বাণিজ্যে নারী
         নারী সর্বখানে।
কোথাও নারী তুচ্ছ নহে আছে শীর্ষস্থানে।

বিজ্ঞানে নারী, চিকিৎসায় নারী, 
             নারী অর্থায়নে,
শিক্ষায় নারী, গবেষণায় নারী
             নারী প্রশাসনে।
নারীতে আজ বিশ্ব নাচে, দেখছি দুনয়নে।
                       ......

'

Thursday, February 28, 2019

রমজানে প্রার্থনা-১৬

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা- ১৬

    মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রমজানের এ রাতে খোদা
তারাবি শেষ করে,
দুহাত তুলে চাহি ক্ষমা
তোমার পাক দরবারে।
দুজাহানে তোমার মত ক্ষমাশীল নেই আর,
ওহে প্রভু মহামহিম পরওয়ারদিগার।।

কবর, হাশর, মিজান এবং
ভয়াল পুলসিরাতে,
রেখো খোদা এ বান্দাকে
তোমার করুণাতে।
সকল বিপদ থেকে আরো করিও উদ্ধার,
ওহে প্রভু মহামহিম, পরওয়ারদিগার।।

আমি পাপী পাপ করেছি
জীবনব্যাপী ভবে,
আযাযিলের ধোঁকায় পড়ে
ভাবি নি কি হবে।
পুণ্যশুণ্য রেখে জীবন করেছি ছারখার,
ওহে প্রভু মহামহিম পরওয়ারদিগার।।

মাফ করে দাও যাচি ক্ষমা
রোজাব্রত মুখে,
রেখো না হে খোদা আমায়
পরকালে দুঃখে।
খুলে দিয়ো আমার জন্যে জান্নাতের দুয়ার,
ওহে প্রভু মহামহিম পরওয়ারদিগার।
                  ....

Wednesday, January 23, 2019

পাথরকুচি পাতার গুনাগুণ

       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বৈজ্ঞানিক নাম ব্রাইয়োফিলাম
      পাথরকুচি পাতার,
পাঠান বেইদও নাম রয়েছে
      এ গুল্মটির আবার।

প্রায় দুৃ ফুটের লম্বা এ গাছ
    দেখতে খুব সুন্দর,
মোটা এবং মসৃণ হলো
    এগাছের পত্তর।

সবখানে এ গুল্ম জাতের
   গাছটি পাওয়া যায়,
আরো দ্রুত বাড়ে গাছটি
   সেঁতসেঁতে জায়গায়।

ডিম্বাকৃতির এর পাতাতে
    চারপাশে হয় খাঁজ,
মাটির ভেতর পুঁতলে পাতা
   তার থেকে হয় গাছ।

দু চা-চামচ দিনে দু বার
    এর রস সিদ্ধ করে,
দুয়েক দিন পান করলে সর্দি
     আর কাশি যায় সরে।

পিত্ত ব্যথায় কোনো রোগীর
     রক্ত ক্ষরণ হলে,
দিন দু বার এ পাতার রস পান
   করলে রোগ যায় চলে।

চল্লিশ ফোঁটা এ পাতার রস
   করে হালকা গরম,
মালিশে হয় শিশুর পেটের
    ব্যথার উপশম।

অল্প চিনি দু চামচ এর
     রসে মিশ্রণ করে,
গরম করে আবার অল্প
     জলে মেশান পরে।

বায়ুতে পেট ফোলে যদি
   প্রস্রাব আঁটকে যায়,
এটি খাইয়ে দিলে রোগী
     দ্রুত সুফল পায়।

কাটা গেলে কিংবা চাপে
    মাংস থেতলে গেলে,
দূর হবে তা এ পাতাটির
    গরম সেঁকা পেলে।

হঠাৎ করে রোগীর যদি
     ওঠে মৃগী ব্যারাম,
মুখে তার এর রস দিলে পায়
     মুক্তি ও আরাম।

কিডনি এবং গলব্লাডারে
      পাথর হলে তবে,
এর পাতার রস সকাল-বিকাল
      সেবন করতে হবে।

অপসারণ হবে পাথর
    চলে যাবে রোগ,
ভাল হয়ে যাবে রোগী
   থাকবে না দুর্ভোগ।

জণ্ডিস রোগে কাউকে যদি
     করে আক্রমণ,
এ পাতার রস পানে হয় তার
    জণ্ডিস বিতাড়ন।

পাথরকুচির রসে অল্প
  গোল মরিচ মিশিয়ে
পাইল, অর্শ্ব, গেজ রোগীদের দিন
     নিত্য পান করিয়ে।

অল্প দিনের মধ্যে রোগীর
     রোগ হবে নির্মূল,
পাবে না আর রোগী কভু
      এসব রোগের শূল।

যদি কাউকে কোনো বিষধর
     পোকা-মাকড় কামড়ায়,
ব্যাথা কমায় পাথরকুচির রসের
      গরম ছেঁকায়।

ব্রণ হলে এ পাতা বেটে
   লাগিয়ে দিন মুখে,
দেখবেন তবে মুখের সব ব্রণ

      যাবে দ্রুত চুকে।

পাথরকুচি পাতার রসে
   ছয় গ্রাম ঘি মেশান,
এতে আবার ঝিরাও দিন
    সমপরিমাণ।

এ নিয়মে কয়েকটা দিন
     যদি খাওয়া হয়,
কলেরা আর ডায়রিয়ার হয়
      দ্রুত নিরাময়।

কারণ ছাড়া জ্বালা- পোড়া
     করে যদি ঘাত্র,
হালকা গরম আধা কাপ জল
     নিতে হবে মাত্র।

এতে দিয়ে দু ফোটা রস
     পাথরকুচি পাতার,
সকাল-সন্ধ্যা খেলে হয় না
     জ্বালা- পোড়া আর।

পাথরকুচি ঔষধি গাছ
     খুবই উপকারী,
গুরুত্ব দিন এ গাছটির যা
     জীবন রক্ষাকারী।
         .........
তারিখঃ ২২-০১-২০১৯ খ্রি.

   
     

  

Thursday, January 10, 2019

বাঁচার মত বাঁচতে হলে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আরাধনার পরে ভোরে
             অভ্যাস করুন হাটার,
বসলে বসবেন সোজা হয়ে
            চিবিয়ে খান খাবার।

তৈলাক্ত ও মিষ্টি খাবার
  বাদ দিয়ে দিন সবে,
সবুজ সবজি আর ফলমূল খান
   ভাল থাকবেন তবে।

নিজের কাজটি নিজে করুন
    ব্যস্ত থাকুন কাজে,
ভাল কাজের কর্মী সাজবেন৷ 
   করবেন না কাজ বাজে।

ঢিলেঢালা পোশাক পরবেন
    শোয়ার সময় ভাই,
কিন্তু শোয়ার বিছানাটা
     শক্ত হওয়া চাই।

রাগ পরিহার করুন সবাই
     সংযমী হোন কথায়,
মানুষ বিশ্বাস করতে শেখুন
     আর থাকবেন না মিথ্যায়।

ধর্মের বিধান মেনে চলতে
   ভুল করবেন না কভু
একালে সুখ আর সেকালে
    মুক্তি দেবেন প্রভু।

ভুল যদি কেউ করে থাকে
   ক্ষমা করবেন তাকে,
মানব সেবায় থাকতে হবে
    সতত আপনাকে।

পৃথিবীতে করেন যদি
    সচ্চরিত্র অর্জন,
শ্রদ্ধার রাজ্যের রাজা হয়ে
   পাবেন স্থায়ী আসন

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাব
    চাঙ্গা রাখুন মনে,
দেখবেন শান্তির ফুল্লধারা
    বইবে এ জীবনে।

অহংকারটা ঝেড়ে ফেলুন
       চিন্তা করুন সৎ,
এসব নিয়ম-নীতি বাঁচায়
   বাঁচার মত আলবৎ।
             ......
তারিখঃ ০৭- ০১- ২০১৯ খ্রি.

Build up your habit of walking
       In the dawn after prayer,
Seat straitly and diet without 
      Chewing eat never.

Sunday, December 9, 2018

রমজানের সৌজন্যে প্রার্থনা-২৩

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২৩

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে প্রভু!
তোমার ডাকে আসলাম একা
যাবো একা ডাকলে আবার,
আমি পাপী হতভাগা
মাপ করে দাও গুনাহ্ আমার।
            তোমার ডাকে আসলাম একা
             যাবো একা ডাকলে আবার।।

রমজানের আজ পুণ্য রাতে
যাঁচি তোমায় খালি হাতে,
কবুল করো আমার দোয়া
আর দাও তোমার কৃপা অপার।
            তোমার ডাকে আসলাম একা
             যাবো একা ডাকলে আবার।।
    
অচিন দেশে যাবো যেদিন
নিঃস্ব আমি থাকবো সেদিন
তোমায় ছাড়া পাবো না যে
কোনো উপায় খুঁজেও আর।
            তোমার ডাকে আসলাম একা
             যাবো একা ডাকলে আবার।।

আছি ভুলে জীবনব্যাপী
হয়েছি তাই মহাপাপী,
তুমি মহা ক্ষমাশীল তাই

আশা রাখি তবে ক্ষমার।

            তোমার ডাকে আসলাম একা
            যাবো একা ডাকলে আবার।।
                  ......

Thursday, December 6, 2018

শিশুর গুরুত্ব

শিশুর গুরুত্ব

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মোদের দেশের শিশু যদি
   জঠর জ্বালায় মরে,
তবে মোদের অধঃপতন
  থাকবে যুগ যুগ ধরে।

শিশু হলো একটা দেশ ও
      জাতির ভবিষ্যৎ,
আগামীতে সে তো আনবে
     স্বর্ণযুগ আলবৎ।

হাতের মুঠোর মধ্যে শিশু
     রাখবে সারাবিশ্ব,
ধরায় কাউকে দেবে না সে
     হতে কভু নিঃস্ব।

আদর-যত্ন দিয়ে শিশু
     রাখ শান্তি-সুখে,
বদন যেনো ম্লান না হয় তার
    কোনে কষ্টে, দুঃখে।

শিক্ষা-দীক্ষা দিয়ে সবে
    গড়তে হবে শিশু ,
কারণ,ভাবীর কাণ্ডারী সে
   নির্মাতা আর যিশু।
          ......
তারিখঃ ০২-১২-২০১৮ খ্রি.

Tuesday, December 4, 2018

নামাজ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পাঞ্জেগানা নামাজ কায়েম
    করুন ঈমানদার,
নামাজ দ্বারা আদেশ পালন
      হয়ে যায় মাওলার।

স্রষ্টা ছাড়া পড়তে হয় না
  নামাজ কারো জন্যে,
পড়লে নামাজ মহান আল্লাহ্
    খুশি হন এজন্যে।

আল্লাহর দ্বীন কায়েম করতে
   পড়তে হয় নামাজ,
এর দ্বারা হয় স্রষ্টা-সৃষ্টির
    মেলবন্ধনের কাজ।

নামাজে হয় খোদা তালার
     শোকরিয়া আদায়,
আরো অনায়াসে তাঁরই
    সাক্ষাত পাওয়া যায়।

আল্লাহর হক আদায় করতে
     চান যদি সবাই
তবে সকল নর ও নারীর
      নামাজ পড়া চাই।

গুনাহ থেকে বাঁচায় নামাজ;
      পুণ্যের দেয় ছয়লাপ,
আর নামাজির কবর আজাব
      করেন খোদা মাফ।

নামাজ পড়লে ত্রাণ পাওয়া যায়
  শয়তানের হাত থেকে,
সব ওয়াক্তে তাই আগে নামাজ
   পড়বে সব কাজ রেখে।

নামাজি হন প্রিয়পাত্র
      আল্লাহ তালার,
ছাড়লে নামাজ জাহান্নামি
      হবেন খবরদার।
               .....
তারিখঃ ০৪-১২-২০১৮ খ্রি.
       

Wednesday, November 14, 2018

ফেইসবুকে কোরআন অবমাননার ছবি সম্পর্কে

ফেইসবুকে কোরআন অবমাননার চবি সম্পর্কে                
      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অনেক সময় ফেইসবুকে কতিপয় পাপীষ্ট ব্যক্তি কর্তৃক পবিত্র কোরআন অবমাননার কিছু নিকৃষ্ট ও নিন্দনীয় ছবি পোস্ট ও শেয়ার করতে দেখা যায়। যে ব্যক্তি বা যারা এ জাতীয় পোষ্ট বা শেয়ার করে সে বা তারা ওই ছবির ওপর  লিখে দেয়" এ জানোয়ার মহাগ্রন্থ আল- কোরআনকে এভাবে অবমাননা করেছে। একে সবাই সনাক্ত করুন। এর হাত পা কেটে টুকরো টুকরো করে কুকুরকে খেতে দিন অথবা একে সিদ্ধ গরম পানিতে জীবন্ত ফেলে দিন ইত্যাদি, ইত্যাদি।"

পোস্টের ধরণ অনুযায়ী প্রতীয়মান হয়; যে বা যারা এ জাতীয় পোস্ট করে সে বা তারাই যে পবিত্র কোরআন  অবমাননাকারী বা কোরআন অবমাননার সহায়তাকারী তা সুস্পষ্টভাবে  বুঝা যায়। কারণ,কোরআন শরীফকে অবমাননা করতে দেখেইতো সে বা তারা ওই ছবিটা তোলে ফেইসবুকে ছেড়ে দিয়েছে আর ঘটনাটি যে তার বা তাদের এলাকার কোথাও ঘটেছে সেটিও সুস্পষ্টভাবে অনুমান করা যায়। সুতরাং, সে বা তারা তো এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় সাথে সাথে এর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে পারতো। কিন্তু সে বা তারা তা না করে  এর উল্টোটা করে বসে যা দ্বারা পবিত্র কোরআনের মারাত্মক অবমাননা  হয়। অতএব, ধর্ম ও ধর্মগ্রন্থ অবমাননার জন্যে এদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক দ্রুত ব্যবস্থা নেয়া অতীব প্রয়োজন বলে আমি মনে করি। কারণ, এসব বিষয়কে কেন্দ্র করে অনেক সময় সমাজে মারাত্মক দাঙ্গার সুচনা ঘটে; সুশৃঙ্খল সমাজে নেমে আসে অশান্তি ও অরাজকতা।

যে সব পাপীষ্ট এ জাতীয় কাজ করে থাকে তারা অবশ্যই অমুসলিম এবং ইসলাম ধর্মের ঘোর বিরুধী; সমাজে সত্য ও ন্যায়-নীতির বিরুদ্ধে অসান্তির দাবানল সৃষ্টিকারী দু পায়া জানোয়ার।এ কাজে এদের যে নোংরা উদ্দেশ্য থাকে তা হলো, ফেইসবুকে এ জাতীয় ছবি দেখলে ধর্মপ্রাণ মুসলমানগণ উত্তেজিত হয়ে উঠবেন, ক্ষোভের আগুন জ্বলে উঠবে তাদের অন্তরে। এতে অমুসলিম বা ভিন্ন ধর্মীদের দেখা মাত্রই হয়তো শুরু করে দেবে আক্রমণ, শুরু হবে সংঘাত, ঝরবে রক্ত, যাবে তাজা তাজা প্রাণ। এসব অঘটন ঘটার পরে মুসলমানদেরকে জঙ্গিবাদী আখ্যায়িত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এদেরকে দুর্বল করা খুবই সহজ হয়ে যাবে। বর্তমান বিশ্বে মুসলমানদেরকে দুর্বল  ও শায়েস্তা করার জন্যে চলেছে এজাতীয় হাজারো কৌশল।

ফেইসবুকে এসব নোংরা ও ঘৃণিত স্ট্যাটাস দেয়া
থেকে সবাই বিরত থাকবেন। কারণ, পবিত্র আল-কোরআন হলো ইসলাম ধর্মের মৌলিক নীতিমালাসমৃদ্ধ চির পরীক্ষিত একটি নির্ভুল ধর্মগ্রন্থ। এর নির্ভুলতার মূল কারণ হলো যে এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ট আসমানি কিতাব। এ গ্রন্থ সত্য-ন্যায়-নীতি, সুবিচার, ভ্রাতৃত্ববোধ, মমত্ব ধৈর্য,সহানুভুতি, সহযোগিতা, উদারতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সর্বপ্রকার মানবিক গুণাবলির পক্ষে কথা বলে; অজ্ঞতার অন্ধকারে মানুষকে জ্ঞানের আলো দান করে; মানুষ এবং স্রষ্টার মধ্যে সেতুবন্ধনের কাজ করে; মানুষকে সত্য, সুন্দর ও শান্তিময় পথে চলার জন্যে উৎসাহ দিয়ে থাকে, সুন্দর চরিত্র,সুন্দর পরিবার, সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র গঠন করার যাবতীয় উপাদান সরবরাহ করে থাকে। অতএব, যারা এ গ্রন্থের অবমাননা করবে এবং এর বিরুদ্ধে কথা বলবে তারাই জঘণ্য পাপী; তারাই মানবতার কলংক; তারাই মানবতার অধঃপতন আহ্বানকারী।

দুনিয়ার সব ধর্মের মূল উদ্দেশ্য হলো, মানুষকে এ পৃথিবীতে সুন্দর ও শান্তিময় পথে পরিচালনা করা। অতএব, সকল ধর্মের মানুষ যদি  ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে নিজ নিজ ধর্মেরর অনুশাসনগুলো যথাযথভাবে মেনে চলে, তাহলে এ পৃথিবীতে থাকতে পারে না মানুষে মানুষে কোনো দ্বন্দ্ব, হিংসা রক্তপাত ও যুদ্ধসহ মানবতাবিরোধী সকল কর্ম। এর ফলে, এ সুন্দর পৃথিবীটা নিঃসন্দেহে হতে পারে একটা স্বর্গ।

বর্তমান এ বিজ্ঞান সভ্যতার যুগে এ সব জানার পরেও যেসব লোক  ভিন্ন ধর্মের প্রতি এমন জঘণ্য, নীচক ও ঘৃণিত আচরণ করে, তাদেরকে কখনো মানুষ বলা যায় না; তারা হলো দু'পায়া জানোয়ার। এদের স্থান পশুর চেয়েও অনেক নিম্নে। তাই এদের বিরুদ্ধে সমাজে সচেতনতা গড়ে তোলা শুধু মুসলমানদের দায়িত্ব নয়, শান্তি প্রতিষ্টার লক্ষ্যে সকল ধর্মের অনুসারীদেরও দায়িত্ব বলে আমি মনে করি। মনে রাখতে হবে,
" ধর্ম মানুষকে খাঁটি মানুষ করে গড়ে তোলে আর ধর্মহীনতা মানুষকে পশুতে পরিণত করে।"