Sunday, October 2, 2022

আধুনিক নারী

আধুনিক নারী
       মুহাম্মদ আবদুুল মান্নান ইয়াকুবী

বুদ্ধির খেলায় নারী এখন
    জাগছে নরের সঙ্গে,
করছে প্রমাণ শক্তি যে তার
    আছে রূপের অঙ্গে।

বীরার বেশে ছুটছে নারী
    মনোবল তার চাঙ্গা, 
জীবনযুদ্ধে নরের সঙ্গে
   আনছে খ্যাতি রাঙ্গা।

হিমালয়ও বিজয়টি তার 
     ধ্বনিত মৃদঙ্গে,
তাইতো বিশ্ব মুগ্ধ আজ তার
      খ্যাতিমাখা রঙ্গে।

সফল তরী বাইছে নারী
     জয় করে সব ডাঙ্গা,
বুকভরা তার গর্ব এখন
      হৃদয় নেই আর ভাঙ্গা।
             .....

Friday, September 16, 2022

রমজানের প্রার্থনা-১৪

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা- ১৪
  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সর্ব সৃষ্টির স্রষ্টা তুমি 
  ওহে পরওয়ার,
 দুহাত তুলে করছি আরজ 
    দরবারে তোমার।

আমার সকল সৎ প্রচেষ্টা, 
  সৎ চিন্তা আর কাজ, 
কবুল এবং মঞ্জুর করো 
  হে রাজাধিরাজ! 

আমায় প্রভু করো শুধু
   তোমার অনুগত,
আর অনুরূপ করো আমার
   বংশে আসবে যতো।

দেখাও আমায় মাবুদ তোমার 
    বন্দেগীর পদ্ধতি,
তওবা আমার কবুল করো
    ওহে অধিপতি!

নিশ্চয় প্রভু তুমি বান্দার 
  তাওবা কবুলকারী,
করুণাময় এবং সকল 
  গুনাহ মোচনকারী।  

ইহকাল আর পরকালে
     চাই আমি কল্যাণ,
জাহান্নামের অগ্নি থেকে
       যাচি পরিত্রাণ।

তুমি হলে সৃষ্টিকর্তা
    আমি তোমার বান্দা,
তোমার নির্দেশ ভুলে আমি 
     করছি নিজের ধান্ধা।

তাইতো আমার হয়ে গেছে
   পাহাড় সমান পাপ,
দয়াময় হে মহাপ্রভু! 
    করো আমায় মাফ।

এ অবস্থায় যদি আমার
     হয়ে যায় মরণ,
জাহান্নামে অনাদিকাল
     হবে মোর যাপন।  

আমি আমার পাপের জন্যে
    অনুতপ্ত প্রভু।
স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে পাপ
      করব না আর কভুু।

মাফ না করে সব পাপ আমার
        ওহে রহমান,
আজরাইলকে দিয়ো না মোর
        মরণের ফরমান। 
                    ....... 
  



 

Sunday, August 28, 2022

বাংলার শরতে

বাংলার শরতে
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

 নিসর্গে ফুটেছে আজ শ্যামল বাহার, 
পুলক জেগেছে তাই হৃদয়ে সবার।

অন্তরীক্ষে নেই আর মেঘের কাঁদন,
 নেমেছে চাষীর ক্ষেতে ফসলি প্লাবন।

নীলাকাশে সাদা মেঘ হয়ে গেছে ভেলা,
করছে আলোর সাথে লুকোচুরি খেলা।

ঝিলিমিলি রোদ দিনে, রাতে জ্যোৎস্নায়, 
ধরণীটা  সেজে গেছে মোহনী শোভায়।

দিগন্ত প্রসারী মাঠে বাতাসের সঙ্গে,
নাচে কচি ধানচারা হরষে তরঙ্গে।

 প্রবাহিত ফুরফুরে মিষ্টি হাওয়ায়,
তরু-লতা আর তৃণে নাচন চালায়।
        
সমীরণে নেই ধুলো আর অগ্নিতাপ,
ধরাতল থাকে শুধু রূপে ছয়লাপ।
 
হালকা কুয়াশাঢাকা থাকে ভোর বেলা,
তৃণের ডগায় থাকে শিশিরের মেলা।

রবির ছোঁয়ায় ভোরে শিশিরের বিন্ধু
ঘাসঢাকা মাঠ করে  মুক্তাময় সিন্ধু।

বিলে ঝিলে প্রস্ফুটিত  রূপ শাপলার,
ম্লান করে অপরূপ ব্যুমের তারার।

জলজ দামেতে ফুটে কলমির কুঁড়ি,
বেগুনি রূপটি যার নেই যেন জুড়ি।
           
 মাধবি,  বকুল ফুল ফোটে বনে বনে,
 কামিনীর ঘ্রাণে মন ভরে নিশিক্ষণে।

নদীতীরে অগণিত ফুটে কাশফুল,
নিসর্গের রূপ এতে দেখায় অতুল। 

বাতাসের সাথে এরা প্রাণ খোলে নাচে,
পরীনাচ হেরে যায় এ নাচের কাছে।

কুড়িয়ে শিউলি ফুল প্রাতে পল্লিবালা,
গলা ও খোপায় পরে গেঁথে এর মালা।
                 
 মালতি, স্বর্ণকমল,  জুঁই, হাস্নাহেনা 
ফুটে আরো নানা ফুল অচেনা ও চেনা। 

আমড়া, পেয়ারা, তাল বেল, কামরাঙ্গা, 
আরো নানা ফুলে ফলে বঙ্গ থাকে চাঙ্গা।
         
ভরানদী দিয়ে তরী ঢেউ তোলে চলে ডিঙ্গি নৌকা থেকে জেলে জাল ফেলে জলে।

খঞ্জনা, বালিহাঁস ও চকাচকির  ঝাঁক,
রাখে না নদীর তীরে একটুও ফাঁক।

 কানন থাকে পাখির গানে মুখরিত,
  শান্ত নিসর্গে সবার মন করে প্রীত।

সৌম্য শরতে রূপের থাকে ঝলকানি,
তাই তাকে বাংলায় বলি ঋতুরাণি ।

                 ......

Sunday, April 3, 2022

পহেলা রমজানের সৌজন্যে

পহেলা রমজানের সৌজন্যে
           মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের,
প্রভুর প্রেমে নব আত্মা জাগবে সকল মোমিনের।

পানাহারে চলবে না দিন, তন্দ্রাতে রাত কাটবে না,
 সজল নেত্রে যাচবে ক্ষমা সকল মোমিন-মোমেনা।
পরকালে মুক্তি পেতে কাঁদবে শুধু মন তাদের,
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

রমজানব্যাপী চলবে তাদের আত্মসংযম প্রশিক্ষণ,
দানধর্ম আর বন্দেগীতে থাকবে তারা সারাক্ষণ।
লক্ষ্য শুধু থাকবে তাদের খোদা প্রীতি  অর্জনের- বছর গুরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

এ দুনিয়ার সকল প্রকার ভোগবিলাসের মোহের টান,
খোদার দিদার পেতে মুমিন করবে সবই প্রত্যাখ্যান।
এমন দৃঢ় হতে তারা শিক্ষা নিচ্ছে এ মাসের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

আযাযিল আজ গুমরে গুমরে কাঁদছে শুধু এ ধরায়,
এখন তাকে শেকল বেঁধে রাখা হবে জেল খানায়।
কুমন্ত্রনার শক্তিটা আর থাকবে না এ খবিশের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

পুণ্যকর্মে সব মোমিনের কাটবে সময়  এ মাসে,
স্বর্গীয় সুখ তাদের মাঝে বইতে থাকবে উচ্ছ্বাসে।
এতে তাদের মেলবে প্রমাণ সৃষ্টির সেরা মাখলুকের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

সংযত মুখ রাখবে তারা বলবে না কেউ মন্দ বাত,
দিবা-নিশি চলবে তাদের তসবী, যিকির, তিলাওয়াত,
মরলে এদের পরকালটা হবে মহা আনন্দের,
বছর ঘুরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

খুলবে রোজা জান্নাতের দ্বার রুদ্ধ করবে জাহান্নাম,
রোজাদারগণ পাবে জান্নাত ঘোষণা দেয় পাক কালাম।
তারা অতি ভাগ্যবান লোক ইহ-পর দুকালের, 
বছর ঘুরে আত্মশুদ্ধির  মাস এলো ফের রমজানের।  

               ......

Saturday, March 26, 2022

তোতার স্বাধীনতা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী।

জনি একটি তোতা পোষে খাঁচার ভেতর রেখে,
কলা-মুড়ি নিত্য খাওয়ায় আদর করে তাকে।
একদিন জনির তোতা খাঁচার দুয়ার খোলা পেয়ে,
ফুড়ুৎ করে উড়াল দিয়ে বসলো গাছে যেয়ে।
গাছ তলাতে গিয়ে জনি ডাকে তোতা আয়,
স্বাদের ফলমূল তোকে আমি ভরে দেবো খাঁচায়।
বসে বসে খাবে তুমি চিন্তা কিসে আর,
তাড়াতাড়ি এসে পড়ো খাঁচাতে আমার।
তোতা বলে যাবো না আর তোমার খাঁচায় ভাই, 
যদিও হই পাখি আমি স্বাধীনতা চাই।
             ......... 

Tuesday, March 1, 2022

একুশের আহ্বান

একুশের আহ্বান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইংলিশ বল ভাঙ্গা ভাঙ্গা
   বাংলা বল ভুল,
একুশ এলে থাকো শুধু
    বাংলাতে মশগুল।

হিন্দি গানের আসর পেলে
     মেতে ওঠো প্রাণে,
আভিজাত্যের প্রকাশ ঘটাও
     শ্বেতাঙ্গদের গানে।

বৃটিশ, ল্যাটিন শব্দ ঢোকাও
       বাংলা বাক্যের মাঝে,
দিবানিশি মত্ত থাকো
       বাংলা নাশের কাজে।

শৌর্যে-বীর্যে বাংলাভাষা
     চির সচল প্রাণ,
ভাব প্রকাশে লাগে না এর
      ভিন্ন ভাষার দান।

বাংলামুখে ভিন জাতির বোল
       শুনতে তেমন লাগে,
যেনো কুহুর মধুর কন্ঠে
        কাকের ধ্বনি জাগে।

বাংলা মায়ের বাংলা বোলে
         বাংলায় কর বাস,
সুস্থ রুচি নিয়ে কর
         বাংলাতে উল্লাস।

সারা বিশ্বে সমাদৃত
     বাংলাভাষা  আজ, 
তবু কেনো বাংলা নিয়ে 
   পাচ্ছ এত লাজ?

আজ একুশে সবে মিলে
     কর দৃঢ় পণ,
বাংলার মানটা রক্ষায় রাখ
      নিবেদিত মন।
        .....

Thursday, February 3, 2022

লেখতে পারে ভালোবাসার কবিতা যে জন

লেখতে পারে ভালোবাসার কবিতা যে জন

           মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
                .......

সঠিকভাবে ভালবাসার
    রয়েছে যার মন,
লেখতে পারে ভালবাসার
    কবিতা সে জন।

সৃষ্টজীবের প্রতি গভীর
        স্নেহ-মমতায়,
হবে না যার গরমিল কভু
    কাজে আর কথায়।

কান্নাটাও আসে না যার
     দেখে দুঃখ শত,
বাস্তবে যে দুঃখের পরে 
   সুখ পায় অবিরত।

জীবনে পথ চলতে যদি
   এসে যায় অভাব,
দিয়ে থাকে অভাবকে যে
    দাঁতভাঙ্গা জবাব।

পৃথিবীতে ভালোবাসায় 
    সব করে যে জয়,
আর সুখ-শান্তির কলমযুদ্ধে
       জীবন করে ক্ষয়।

মনটাও যার নিলাম্বরের 
    মত হয় উদার,
তার শোভা পায় ভালবাসার 
    কবিতা লেখার।

               ........

Thursday, December 16, 2021

অতিরিক্ত পানির পিপাসার কারণ

অত্যধিক তৃষ্ণার সমস্যা থেকে মুক্তির উপায় :

·         গোল মরিচের গুঁড়া- ৪ কাপ সিদ্ধ পানির মধ্যে ১ টেবিল চামচ গোল মরিচের গুঁড়া ভালো ভাবে মিশিয়ে ঠান্ডা করুন। যখনই তৃষ্ণা অনুভব করবেন তখনি এই মিশ্রণটি কয়েক চুমুক পান করুন।

·         মৌরি বীজ গুঁড়া- ৫ টেবিল চামচ মৌরি বীজ গুঁড়ার সাথে ২৫০মিলিলিটার পানি মিশ্রিত করে ১ ঘন্টা রেখে ছেঁকে নিন। কয়েক চুমুক করে পান করুন। ম্যালেরিয়ার কারণে যে তৃষ্ণার সৃষ্টি হয় তাঁর জন্য এটা কার্যকরী।

·         বৈচিঁ গুঁড়া- ৩ টেবিল চামুচ বৈচিঁ গুঁড়ার সাথে ২ টেবিল চামচ মধু ভালো ভাবে মিশাতে হবে। দিনে তিনবার এটি গ্রহণ করুন।       

Friday, November 5, 2021

বাংলার হেমন্তে

বাংলার হেমন্তে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কুহেলী ঘোমটা পরে
     এসেছে হেমন্ত,
যেন সে লাজুক নারী
    নয় প্রাণবন্ত।

নেই কোনো দৈন্য তার
     নেই চপলতা,
দানে তার থাকে তৃপ্তি
      থাকে উচ্ছলতা।

কল্যাণী হেমন্তরাণী
   আগমনে যার,
বাংলায় এসে থাকে
    ধনের জোয়ার।

মাঠ তার আগমনে 
    ভরে যায় ধানে,
অপার আনন্দ জাগে
     কৃষকের প্রাণে।

দিগন্ত প্রসারি মাঠে
   দেখে ভরা ধন,
হর্ষে তার এসে যায়
   নিরব রোধন।

দেখে তার এ রোদন
   ব্যোমে দিবাকর,
ঝিমিয়ে ঝিমিয়ে দেয়, 
   আলো দিনভর।

অশোক, শিরিষ চাঁপা
   শিমুল, পলাশ,
নিসর্গে ফুটিয়ে দেয়
   অপূর্ব সুহাস।

কাশ ফুটে নাচ করে
  নদী-খালকুলে,
উষা থাকে সুবাসিত 
নানা জাত ফুলে। 

দিবালোকে পদ্ম যেন
  আবেগে-উচ্ছ্বাসে,
রবিকে সালাম করে 
  আর নীরে ভাসে।

শশীকে করে সালাম
শাপলারা জলে, 
এ যেনো হেমন্তপ্রীতি
ব্যোমে-জলে চলে।

তাল, বেল, নারকেল 
লেবু,  জামরুল,
পাওয়া যায় এ বঙ্গে
  হেমন্তে  বিপুল।

নীলাকাশে সাদা মেঘ
   আনাঘোনা করে,
রাইফুলের রূপ দেখে 
    মন যায় ভরে।

আকাশটা থাকে অতি
    স্নিগ্ধ ও সুন্দর,
কোথাও মলিনতার 
    পড়ে না আঁচড়।

ধনেভরা হেমন্ত যা
  বিধাতার দান,
রূপসী এ বঙ্গে তার
  স্থান মহীয়ান।    
         .......

Monday, August 9, 2021

কুরবানিতে সাবধান

কোরবানিতে সাবধান
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সাবধান, মুসলিম সাবধান,
জিলহজ্বে কোরবানে সাবধান।।

কোরবানি নয় শুধু মাংস খাওয়া ,
চাই এতে আল্লাহর সান্নিধ্য পাওয়া।
যদি তার প্রীতিলাভে হয় ত্যাগ দান ,
ইসলামের দৃষ্টিতে হবে কোরবান -
        সাবধান, মুসলিম সাবধান ,
        জিলহজ্বে কোরবানে সাবধান।।

ত্যাগহীন মন হলে কোরবানে তবে,
হবে না তা' কোরবান, পশু বধ হবে ।
ইব্রাহীমী উৎসর্গে, হয়ে তেজী প্রাণ,
আল্লাহর রাহে সবে দাও কোরবান।
     সাবধান, মুসলিম সাবধান ,
     জিলহজ্বে কোরবানে সাবধান।।

গো, মহিষ, ভেঁড়া, উট, দুম্বা আর ছাগ ,
কোরবানি দিয়ে করো মাংসের ভাগ ।
শরীকে মাংসভাগ রাখবে সমান-
সম্প্রীতি বজায় রেখে থেকো অম্লান-
        সাবধান, মুসলিম সাবধান ,
        জিলহজ্বে কোরবানে সাবধান।।

তিন ভাগে ভাগ করে মাংস পশুর ,
দুভাগ বিলাও পেতে সুকৃতি প্রচুর।
দীনে ও কুটুমে করো সে দু'ভাগ দান ,
বাকি ভাগ নিজে রেখে হও পুণ্যবান -
       সাবধান, মুসলিম সাবধান, 
       জিলহজ্বে কোরবানে সাবধান।।

খোদা-প্রীতির ঊর্ধ্বে যে নেই প্রীতি আর,
কোরবানে করো সবে এ প্রমাণ  তার।
উৎসর্গে করো আজ মজবুত ঈমান,
'লা শারিক আল্লা' মুখে, তোল ঐকতান-
       সাবধান, মুসলিম সাবধান,
       জিলহজ্বে কোরবানে সাবধান।। 
                       .......